http://blog.bdnews24.com/author/NurunnaharShireen
কতকাল বসে আছি মা জানলাতলে -
চোখ ভেসে যায় অজস্র অজর রক্তজলে -
পাতায়-পাতায় শিখাময় কবেকার প্রিয় শব্দাকাশ আজও আমায় ডেকে বলে -
ডেকে বলে - "কিগো মনে পড়ে?" তখন আমার জন্মকাল জখমিত মেঘভাষায় কথা বলে।।
তখন আমার স্মৃতিকাল আমার সকল জং রঙহীন জলরঙের জীবন হতে জীবনের কড়া নাড়ে -
আমার তখন মাগো স্মৃতির উঠোন গহন গোপন খেরোখাতার একান্ত একা মেঘলা দিগন্ত পারে -
উড়ে যাওয়া ঘোলাটে বর্ণমালা উড়ালপঙ্খীর ডানা হয়ে বাতাসের সনে পাল্লা দিয়ে ওড়ে বনে-বনে
আহ বড়ো সনাতন গন্ধ মাগো অবিকল সবুজ-শ্যামল আঁচল আজও খুঁজি মনে-মনে।।
খুঁজিতে-খুঁজিতে মন ধায় সেই উথালপাথাল তুমুল সোনালি-রূপালি কালের গানে -
গানের ভাষার অথৈ সেই মন্ত্রণাতে তোমার ছেলেরা মাগো ছুঁয়েছিলো মুক্তির প্রথম মানে -
পিতার অভয়বাণী ছোঁয়া পরাধীন একটি জাতির কালজয়ী স্বাধীনতা আহা স্বাধীনতা -
বাংলার নদনদীবৃক্ষপাতা এবঙ জানালা যত লেখে তবু অফুরান তার স্মৃতিকথা-হৃদিগাথা।।